Views Bangladesh Logo

জলাবদ্ধতার কারণে কুমিল্লার সেই এইচএসসি কেন্দ্র পরিবর্তন

টানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

সোমবার সকালে কেন্দ্রটিতে প্রায় এক হাজার পরীক্ষার্থীকে কোমরসমান পানি ভেঙে পরীক্ষার হলে যেতে হয়। অনেকেই ভেজা কাপড়ে তিন ঘণ্টা পরীক্ষা দিয়েছেন, আবার কেউ সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

পরীক্ষা শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগামী পরীক্ষা থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন। পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতি ভারি বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়। তবে কলেজের সামনের সড়ক ডুবে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং কুমিল্লা সদর হাসপাতালে যাতায়াতকারী মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তীবরানি বলেন, পরীক্ষা শুরুর সময়ও বৃষ্টি চলছিল। কলেজ ক্যাম্পাসে পানি জমে যাওয়ায় অনেক পরীক্ষার্থী দেরিতে পৌঁছান। এ কারণে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে ওই কেন্দ্রে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী মাহিন আহমেদ বলেন, কেন্দ্রের সামনে কোমরসমান পানিতে ভিজে পরীক্ষা দিতে হয়েছে। টানা তিন ঘণ্টা ভেজা কাপড়ে বসে থাকায় অসুস্থ বোধ করছেন বলে জানান তিনি।

একই কলেজের শিক্ষার্থী সামন্তর রহমান বলেন, বিশেষ করে বোরকা পরা ছাত্রীদের দুর্ভোগ ছিল আরও বেশি। দীর্ঘ সময় ভেজা কাপড়ে পরীক্ষা দেওয়ায় অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের সামনে শত শত অভিভাবককে পানির মধ্যে দাঁড়িয়ে সন্তানদের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

অভিভাবক মনোয়ারা বেগম বলেন, দুর্যোগের কারণে এমন পরিস্থিতি তৈরি হলেও ভবিষ্যতে যেসব পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে, সেগুলোর জন্য আগাম বিকল্প ব্যবস্থা রাখা উচিত।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ভারি বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত পানি অপসারণে সিটি করপোরেশনের কর্মীরা মাঠে কাজ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ