মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল সিটিটিসি
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, সন্ধ্যা ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। আরও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, প্রাথমিকভাবে এগুলো বোমা নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ। সিটিটিসির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। কে বা কারা এসব বিস্ফোরকসদৃশ বস্তু সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মতিঝিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মতামত দিন