হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে অপরিশোধিত তেলের দাম রোববার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা ভবিষ্যতে প্রতি ব্যারেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছেন।
বাজারের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএস-এর এনার্জি ও রিফাইনিং ডিরেক্টর অজয় পারমার জানান, সামরিক হামলাগুলো দাম বৃদ্ধিতে ভূমিকা রাখলেও মূল কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। তেহরানের সতর্কবার্তার পর বেশিরভাগ ট্যাঙ্কার মালিক, বড় তেল কোম্পানি এবং ট্রেডিং হাউসগুলো এই জলপথে অপরিশোধিত তেল, জ্বালানি ও এলএনজি পরিবহন স্থগিত করেছে। বিশ্বের ২০ শতাংশের বেশি তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
পারমার আরও জানান, প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে তেলের দাম ১০০ ডলারেরও বেশি পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের নেতারা ইতিমধ্যেই ওয়াশিংটনকে সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে তেলের দাম ১০০ ডলারের ওপরে যেতে পারে।
ওপেক প্লাস গ্রুপ রোববার জানিয়েছে, তারা এপ্রিল থেকে প্রতিদিন ২ লাখ ৬ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে, যা বৈশ্বিক চাহিদার মাত্র ০.২ শতাংশ। তেলের ঘাটতি এবং সরবরাহের চাপের কারণে এশিয়ার দেশগুলো এখন তাদের তেলের মজুত খতিয়ে দেখছে এবং বিকল্প শিপিং রুট খুঁজছে।
রাইস্ট্যাড এনার্জির অর্থনীতিবিদ জর্জ লিওন জানান, হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করলেও প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দেবে। বাজার খোলার সঙ্গে সঙ্গে দাম ২০ ডলার বেড়ে প্রায় ৯২ ডলারে পৌঁছাতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে