পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর এর একটি অংশ থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এর আগে রোববার রাতে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনের পাশের চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন, মধুর ক্যানটিন, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
মতামত দিন