মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
তার দেশে ফেরার খবর পেয়ে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে কয়েকশ নেতাকর্মী অপেক্ষা করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
‘শুভেচ্ছা স্বাগতম, আমার ভাইয়ের আগমন’, ‘লাল গোলাপ শুভেচ্ছা’ এবং ‘আব্বাস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এ ধরনের স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। মির্জা আব্বাসকে স্বাগত জানাতে দলের নারী কর্মীরাও টার্মিনালের বাইরে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। তাদের সেই সারি প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে যায়।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মতামত দিন