আবারও জাতীয় দলে খেলতে চান কোর্তোয়া
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে বেলজিয়াম। ম্যাচ শেষে হতাশা প্রকাশের পাশাপাশি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তও পুনর্বিবেচনার কথা জানিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক তিবো কোর্তোয়া। তবে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিয়ে পুরোপুরি সুস্থ হতে চান তিনি।
স্পেনের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে হাঁটুর ও ঊরুর অস্বস্তির কারণে কোর্তোয়াকে তুলে নেন কোচ হুডি গাহসিয়া। বেঞ্চে বসেই দলের বিদায় দেখতে হয় ৩৪ বছর বয়সী এই গোলকিপারকে।
বিশ্বকাপ চলাকালে জাতীয় দলকে বিদায় জানানোর কথা ভাবার কথা জানিয়েছিলেন কোর্তোয়া। তবে এখন সেই সিদ্ধান্তে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক বলেন, আমি আগেই জানিয়েছি, একটি শান্ত বছর কাটাতে চাই। পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিতে চাই। নেশন্স লিগ চলাকালে সানা লমেন্স, মাইক প্যান্ডার্স কিংবা মার্টেন খেলতে পারে। বেলজিয়াম যদি এটি মেনে নেয়, তাহলে আমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে প্রস্তুত।
স্পেনের বিপক্ষে বদলি হওয়ার সিদ্ধান্ত নিয়েও নিজের হতাশা গোপন করেননি কোর্তোয়া।
তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ ছাড়তে কষ্ট হয়েছে। দ্বিতীয়ার্ধে আমি ভালোই অনুভব করছিলাম এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করেছিলাম। এমন ম্যাচে আপনি অবশ্যই মাঠে থাকতে চাইবেন।’
কোর্তোয়া জানান, গোল কিক নেওয়ার সময় ঊরুর সামনের অংশে ব্যথা অনুভব করেছিলেন তিনি। বিষয়টি কোচিং স্টাফকে জানালেও গোলপোস্টে দাঁড়িয়ে খেলা চালিয়ে যেতে প্রস্তুত ছিলেন।
তিনি বলেন, আমি পোস্টে থাকতে পারতাম। কিন্তু কোচ বললেন, ‘তুমি যদি শতভাগ ফিট না থাকো, তাহলে তোমাকে তুলে নেওয়া হবে।’ আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে বদলি করার সিদ্ধান্ত নেন। দলই সবার আগে।
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে উয়েফা নেশন্স লিগে অভিযান শুরু করবে বেলজিয়াম।
মতামত দিন