আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এই সমন জারি করেন।
এর আগে সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক বলায় সকালে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত ওই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি।'
তিনি জানান, এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে