Views Bangladesh Logo

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর সংক্রান্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সব নথি জব্দ করে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতের কাছে আবেদন করা হয়, যা বিবেচনায় নিয়ে আদালত এ নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ