Views Bangladesh Logo

হামে শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়েরের আবেদন করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক জানান, মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে।

গত ৫ জুলাই হামে মারা যাওয়া নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সেদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখা হয়। পরে ১২ জুলাই আদেশ ঘোষণা করা হয়।

মামলায় ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন করা হয়েছিল।

আবেদনে অভিযোগ করা হয়, চলতি বছরের মার্চে হামে আক্রান্ত হয়ে সাউদা মুসকান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তরিত হয়। সেখানে চিকিৎসায় অবহেলা, টিকার সংকট এবং সরকারি ব্যবস্থাপনায় গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন বাদী।

আবেদনে আরও বলা হয়, হাম প্রতিরোধে সময়মতো টিকার সরবরাহ নিশ্চিত না করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অবহেলার কারণে দেশে বহু শিশুর মৃত্যু হয়েছে, যার দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা একাধিক মামলার আবেদনও আদালত খারিজ করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ