স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আখতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদনটি করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জিত সম্পদ গোপনের আশঙ্কার কথাও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তাঁর স্বামী আখতার হোসেনের মূল আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যাদির সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দের জন্য আদালতের আদেশ প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে