সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (৬ মে) মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে দুদক এই আবেদন করে।
তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তূজা আলী সাগর আবেদনে উল্লেখ করেন, নূর-ই-আলম চৌধুরী একজন নিবন্ধিত করদাতা এবং তার শুরু থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত পূর্ণাঙ্গ আয়কর নথি তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদনে তার স্থায়ী ও সম্পূরক সব ধরনের কর-সংক্রান্ত নথি জব্দেরও অনুরোধ করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
এর আগে, ২০২৫ সালের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫৭ কোটি ৪৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এছাড়া, আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৩২ কোটি ১২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে মামলায়। দুদক জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে