২৪ ঘণ্টায় খুলতে হবে ‘নবীন ফ্যাশন’, ওসিকে শোকজ
রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর পাঞ্জাবির শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
শোকজ নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দিতে চাপ প্রয়োগ করে। এ সময় কিছু ব্যক্তির অশোভন আচরণও লক্ষ্য করা যায়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। এ ধরনের আচরণ কেন আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে গণ্য হবে না—তা জানতে চেয়ে ওসিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট ‘নবীন ফ্যাশন’ দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দিতে হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। তারা কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ বিতরণ’-এর সঙ্গে তুলনা করে আপত্তি জানায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তখন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে