বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাহউদ্দিন আহমেদ তানভীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে রাজধানীর মিরপুরের মনিপুরী পাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে বগুড়ায় নিয়ে গিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
মতামত দিন