Views Bangladesh Logo

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন বিষয়ে শুনানি আগামী ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহ মামলার নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৮ জুলাই ভার্চুয়ালি এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সাইফুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই অভ্যুত্থানের সময় মহাখালীর সেতু ভবন এলাকা থেকে শাহবাগমুখী মিছিলে হামলার ঘটনা ঘটে। হামলায় গুলি, ককটেল ও দেশীয় বিস্ফোরক ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।

এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। পরে জুলাই অভ্যুত্থানের সময় যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যার মামলাসহ মোট আটটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটটি মামলাতেই তিনি জামিন পেলেও নতুন এ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ