Views Bangladesh Logo

দুর্নীতির মামলায় সেই আবেদ আলীর ছেলে সোহানুরের বিরুদ্ধে বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় কারাগারে আটক সোহানুর রহমান সিয়ামকে আদালতে হাজির করা হয়। তবে অভিযোগ গঠন শুনানিতে আসামিপক্ষ তার অব্যাহতির আবেদন করেনি। পরে আদালত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর সোহানুর রহমানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

দুদক সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আবেদ আলীর বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়।

অন্যদিকে, স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে, সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হলে বিচারিক কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে পরিচিত আবেদ আলী গত বছর ব্যাপক আলোচনায় আসেন। পরে তার ও পরিবারের সদস্যদের সম্পদের উৎস নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ