Views Bangladesh Logo

দেড় হাজার ফুট উঁচু ভবনের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, নেমেই গ্রেপ্তার যুগল

ভালোবাসার প্রকাশে কে কতদূর যেতে পারে—তারই যেন এক নজিরবিহীন দৃষ্টান্ত দেখল নিউইয়র্ক। শহরের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একেবারে চূড়ায় উঠে ব্যানার টাঙিয়ে বাগদান সেরেছেন এক যুগল। বুধবার (১ জুলাই) দুপুরের এ ঘটনায় দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, গ্রেপ্তার দুজন হলেন ইভান কুজনেৎসভ (৩২) ও আঞ্জেলিনা নিকোলাউ (৩৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যথাক্রমে ইভান বিরকাস ও আঞ্জেলা নামে পরিচিত। রুশ বংশোদ্ভূত এই যুগল বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট অরেঞ্জে বসবাস করেন। দড়ি বা কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সুউচ্চ ভবনে চড়ার ‘রুফটপিং’ নামের ঝুঁকিপূর্ণ শখের জগতে তারা বেশ পরিচিত মুখ; ২০২৪ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-তে উঠে এসেছিল তাদের গল্প।

বুধবার দুপুরে কালো পোশাক পরা এই যুগল ভবনটির মূল অ্যান্টেনার চূড়ায় ওঠেন, যা মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১,৪৫৪ ফুট) উঁচুতে। সেখানে তারা একটি ব্যানার মেলে ধরেন, যাতে লেখা ছিল—When the power of love beats the love of power the world knows peace (যখন ভালোবাসার শক্তি ক্ষমতার মোহকে হারিয়ে দেয়, তখনই পৃথিবী শান্তির দেখা পায়)। মার্কিন সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে চূড়ায় তাদের চুম্বনরত অবস্থায়ও দেখা যায়।

আসল চমকটা আসে নামার পথে। কুজনেৎসভ পকেট থেকে আংটি বের করে নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। ‘হ্যাঁ’ বলে আংটি আঙুলে পরেই নিচে নামতে থাকেন নিকোলাউ। পুরো অভিযান নিজেদের ক্যামেরায় ধারণ করে প্রস্তাব ও আংটির ছবিসহ তা অনলাইনে পোস্টও করেন এই যুগল।

তবে রোমাঞ্চের সমাপ্তি ঘটে পুলিশের হাতে। এনওয়াইপিডির বিশেষ প্রশিক্ষিত ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের সদস্যরা হারনেস পরে অ্যান্টেনা বেয়ে উঠে মাঝপথে তাদের নাগাল পান এবং দুপুর ১টার কিছু আগে হেফাজতে নেন।
এনওয়াইপিডির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় কোনো বাধা দেননি দুজন।

দুজনের বিরুদ্ধে বার্গলারি, বেপরোয়া ঝুঁকি সৃষ্টি, ক্রিমিনাল মিসচিফ, স্থানীয় আইন লঙ্ঘন, চুরির সরঞ্জাম রাখা, ক্রিমিনাল ট্যাম্পারিং, অনধিকার প্রবেশ ও বিশৃঙ্খল আচরণসহ একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে তোলার কথা।

এদিকে এই যুগল কীভাবে নিরাপত্তা এড়িয়ে চূড়া পর্যন্ত পৌঁছালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধারণা করা হচ্ছে, পর্যবেক্ষণ ডেকের নিরাপত্তা তল্লাশি এড়াতে তারা ভবনের বাণিজ্যিক বা ভাড়াটেদের প্রবেশপথ ব্যবহার করে থাকতে পারেন। রেডিও তরঙ্গের সংস্পর্শে আসার ঝুঁকি থাকায় ঘটনার সময় ভবনের অ্যান্টেনা বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘অননুমোদিত’ আখ্যা দিলেও জানিয়েছে, ভবনের ভাড়াটে, দর্শনার্থী বা পর্যবেক্ষণ ডেকের অতিথিদের কোনো সময়ই ঝুঁকি ছিল না। সেই সঙ্গে খানিকটা রসিকতা করে কর্তৃপক্ষ বলেছে, স্মরণীয় বিয়ের প্রস্তাবের জন্য ভবনের পর্যবেক্ষণ ডেকই একটি বাস্তবসম্মত জায়গা। এক মুখপাত্র মজা করে বলেন, বাগদানের জন্য এই যুগলের বরং ভবনের ১ হাজার ডলারের আনুষ্ঠানিক প্রপোজাল প্যাকেজটিই কেনা উচিত ছিল।

অন্যদিকে মেয়ের এমন কাণ্ডে মোটেও বিচলিত নন নিকোলাউয়ের বাবা, রুশ সার্কাসশিল্পী দিমিত্রি নিকোলাউ। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, তিনি নিজেও ছাদে চড়েন; যেকোনো দেশে, যেকোনো সংবিধান অনুযায়ীই ছাদে ওঠাকে তিনি স্বাভাবিক বলে মনে করেন।

উল্লেখ্য, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা ও অন্যান্য অংশে এর আগেও দুঃসাহসিক আরোহণের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই ছিল অননুমোদিত। তবে ২০২৩ সালে অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটোকে একটি ট্যুরের প্রচারে ৮৬ তলা থেকে অ্যান্টেনার গোড়া পর্যন্ত ওঠার অনুমতি দেওয়া হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ