Views Bangladesh Logo

দেশ ডানপন্থী উগ্রবাদের ট্রেনে উঠে পড়েছে: মাহফুজ আলম

দেশ ডানপন্থী উগ্রবাদের ট্রেনে উঠে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ প্রচারণা ও চরিত্রহননের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করা হচ্ছে। এতে অনেকে ডানপন্থা থেকে আরও উগ্র ডানপন্থার দিকে ঝুঁকছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাহফুজ আলম। সেখানে দেশের সুশীল সমাজের একাংশ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।

মাহফুজ আলমের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেক্যুলার সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। ক্ষমতার আকাঙ্ক্ষা এবং সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে তাঁরা এমন অবস্থান নিয়েছেন বলে মনে করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ লেখেন, জামায়াতের ঘনিষ্ঠ হওয়ার পর অনেকে সেই বলয় থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাঁর ভাষায়, ‘কোলে ওঠার পর অনেকে নামতে পারবে না দেখে এখনো জাশির কোলবন্দি হয়ে আছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ প্রচারণার সমালোচনা করে সাবেক এই উপদেষ্টা বলেন, ডিজিটাল ‘মবের চাপে’ অনেকে ডানপন্থি থেকে উগ্র ডানপন্থি হয়ে গেছেন। এসব কর্মকাণ্ডকে তিনি পরিকল্পিত প্রচারণা ও চরিত্রহননের প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, বিভিন্ন ধারার ডানপন্থি শক্তির সম্মিলিত তৎপরতা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ডানপন্থার দিকে নিয়ে যাচ্ছে।

মাহফুজ আলমের মতে, সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াতের ঘনিষ্ঠ হওয়ার রাজনৈতিক মূল্য সুশীল সমাজের একটি অংশকে দিতে হবে। একই সঙ্গে জামায়াতকে সহযোগিতা করার কারণে প্রচলিত আলেম সমাজকেও পরিণতি ভোগ করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ