Views Bangladesh Logo

‘রক্তের গন্ধে ঢোকা যায়নি গণপতির ঘরে’

Masum   Hossain

মাসুম হোসেন

‘শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে খবর পেয়ে পরদিন সকাল হতেই ছুটে যাই গণপতি স্যারের বাড়ি। কিন্তু ওই সময় পুলিশ আমাদের বাড়ির ভেতর ঢুকতে দেয়নি। তখন ফিরে আসি। পরবর্তীতে বেলা ১২টার পরে আবার ওই বাড়িতে যাই। গণপতি স্যারের বাড়িতে এত রক্তের দুর্গন্ধ যে বাড়িতে ঢোকাই যাচ্ছিল না। এগুলো এত তাড়াতাড়ি নিশ্চিহ্ন করে ফেলার কারণ কী আমরা বুঝতে পারছি না।’

কথাগুলো বলেছেন রংপুর ব্রাহ্মণ সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ রায়।

গত বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ গণপতির বাড়িটির সব আলো নিভিয়ে পানির মটর চালু করা হয়। এরপর ছাদ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। অভিযোগ ওঠে, হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতেই পানি ব্যবহার করে পুলিশ।

খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ চন্দ্র দাসের বড়ভাই পার্থ চন্দ্র দাস অভিযোগ করেন, শুধু পানির ঘটনায় নয়, ২৫ আগস্ট রাত ১টার দিকে কয়েকজন পুলিশ সদস্য গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। পরে তারা কয়েকটি ব্যাগে করে কিছু নিয়ে যান। এ হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো কারণ থাকতে পারে। সেই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে পুলিশ।

গত ২২ আগস্ট রাত ১১টার দিকে কামাল কাছনা মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুষ চক্রবর্তী প্রীয়ম।

পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের হত্যা করা হয়।

গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করতেন।

একটি ভিডিওতে দেখা যায়, গণপতি চক্রবর্তীর ছেলে প্রীয়মের লাশের পাশে রক্ত ছড়িয়ে রয়েছে। তার মুখ কালো হয়ে আছে।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর ডিবি পুলিশের ইনচার্জ জিনাত আলী ভিউজ বাংলাদেশকে বলেন, গণপতির বাড়িতে রক্ত ছিল কিনা তা আমার জানা নেই। তবে সিআইডি ওখান থেকে নিহতদের মুখের লালা সংগ্রহ করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড়ে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ এখনো জানানো হচ্ছে না। পুলিশের একেক সময় একেক রকমের বিবৃতি সন্দেহ আরও বাড়াচ্ছে। এসময় রংপুরের ব্রাহ্মণ সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ রায় বক্তব্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে রক্তের দুর্গন্ধের কথা জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ