আলোচিত রেফারি ইভান বারটন ফ্রান্স-স্পেন ম্যাচের দায়িত্বে
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের রেফারি ইভান বারটন। ফিফা সোমবার এই নিয়োগের ঘোষণা দিয়েছে। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ পরিচালনা।
কনকাকাফ অঞ্চলের অভিজ্ঞ এই রেফারি নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তার প্রথম বিশ্বকাপ। এবারের আসরে তিনি গ্রুপ পর্বের তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোর কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন।
বিশেষ করে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে নেওয়া এক সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন বারটন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরের মুখ ঢেকে কিছু বলেন। ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলার কারণে বিশ্বকাপে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা। এরপর টুর্নামেন্টে এমন আর কোনো ঘটনা ঘটেনি।
ফ্রান্স-স্পেন ম্যাচে বারটনের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারি থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন মাহবোদ বেগি।
এই নিয়োগের মাধ্যমে নতুন ইতিহাসও গড়তে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি তিনি।
মতামত দিন