আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে ‘বিতর্কিত’ রেফারি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো। চলতি আসরে একাধিক ম্যাচে রেফারিং বিতর্কের মধ্যেই এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা।
৪৭ বছর বয়সী পিনহেইরো এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। গ্রুপ পর্বে তিনি সুইজারল্যান্ড- বসনিয়া ম্যাচ পরিচালনা করেন, যেখানে তিনটি হলুদ ও একটি লাল কার্ড দেখান। এছাড়া কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ ষোলোর ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেন। তবে এটি হবে আর্জেন্টিনার কোনো ম্যাচে তার প্রথম দায়িত্ব।
দীর্ঘ রেফারিং ক্যারিয়ারে পিনহেইরো ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন। এসব ম্যাচে তিনি মোট এক হাজার ৮৮৬টি হলুদ ও ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে তার গড়ে ৪ দশমিক ৪৮টি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে।
ইউরোপিয়ান ফুটবলেও তিনি পরিচিত মুখ। ২০২২-২৩ মৌসুমের উয়েফা সুপার কাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও পিএসজির দ্বিতীয় লেগে জোয়াও নেভেসের হ্যান্ডবলের ঘটনায় বায়ার্নকে পেনাল্টি না দেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন। ওই ঘটনায় ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ করা হয়নি।
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে পিনহেইরোর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন কানাডার ড্রু ফিশার।
মতামত দিন