Views Bangladesh Logo

কামরাঙ্গীরচরে সহকর্মীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে দুই সহকর্মীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাহাদিনগর এলাকার ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকর্মীরা জানান, সকাল ৮টার দিকে ভবনটির তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে সাকিব ও মনসুর আলী এগিয়ে গেলে ধাক্কাধাক্কির মধ্যে সাকিব ভারসাম্য হারিয়ে বালুর ওপর পড়ে যান। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাকিবকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী বলেন, সাকিবকে কেউ মারধর করেনি। ধাক্কাধাক্কির সময় তিনি পড়ে যান। এত সামান্য ঘটনায় কীভাবে তার মৃত্যু হলো, সেটি তাদের কাছেও বিস্ময়কর।

তিনি আরও জানান, সাকিব নোয়াখালীর বাসিন্দা হলেও কর্মসূত্রে কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত করা হবে।

কামরাঙ্গীরচর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ