Views Bangladesh Logo

বায়ুদূষণ ঠেকাতে দিল্লিতে ছয় সপ্তাহ নির্মাণকাজ বন্ধ

শীত মৌসুমে ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। এর অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত পুরো দিল্লিতে নির্মাণ ও ভবন ভাঙার কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর আগে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলা সৃষ্টি করে এমন ভাঙার কাজ ও বাইরের সিভিল নির্মাণকাজ নিষিদ্ধ থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী মানজিন্দর সিং সিরসা শীতকালীন বায়ুদূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দূষণ পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মাণকাজ বন্ধের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির অনুমোদিত পার্কিংয়ের ফি দ্বিগুণ করা হবে। তবে দিল্লি মেট্রো রেল করপোরেশনের মালিকানাধীন ও পরিচালিত পার্কিং এ সিদ্ধান্তের আওতায় থাকবে না।

দূষণ কমাতে সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের জন্যও পরিবর্তিত কর্মব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করার ব্যবস্থা রাখা হবে। একই সময়ে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) কার্যালয় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের কার্যালয় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।

এ ছাড়া দূষণ নিয়ন্ত্রণে বৈধ দূষণ নিয়ন্ত্রণ সনদ বা পিইউসি (পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট) ছাড়া যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার কথা জানিয়েছে দিল্লি সরকার। বাইরের রাজ্যে নিবন্ধিত এবং বিএস-৬ নির্গমন মান পূরণ করে না এমন যানবাহনের প্রবেশ নিয়েও ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

প্রতি বছর শীতকালে দিল্লির বায়ুর মান দ্রুত অবনতি হয়। ঠান্ডা ও কম বাতাসের কারণে দূষিত কণা ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী উৎস নিয়ন্ত্রণে এবার শীত শুরুর আগেই ধাপে ধাপে এসব পদক্ষেপ কার্যকর করছে দিল্লি সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ