সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর
সংবিধান সংশোধনের বিষয়টি রাজপথে আলোচনার মাধ্যমে নয়, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াতে ইসলামীর দাবির বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়। পরবর্তী সংসদ জাতীয় স্বার্থে বিষয়টি বিবেচনা করবে। বর্তমানে বলবৎ সংবিধান অনুসরণ করেই রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধন সংসদেই সম্ভব। রাজপথে বলে কোনো লাভ নেই। কোনো আইনি বাধা থাকলে সেটিও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে।
এর আগে ১৩ আগস্ট বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এতে প্রস্তাবক হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় স্বাক্ষর করেন।
রোববার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে মনোনয়ন প্রক্রিয়া ও সংবিধান সংশোধন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন গয়েশ্বর।
মতামত দিন