Views Bangladesh Logo

ডেমরায় পুলিশ লাইনসে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব পুলিশ লাইনসের একটি ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য থাকতেন। ঘটনার সময় অন্যরা ডিউটিতে থাকলেও সাইদুল কক্ষে একাই ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এক পুলিশ সদস্য কক্ষটির দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে বিষয়টি ডেমরা থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় সাইদুলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর এলাকায়। প্রায় নয় মাস আগে তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ