Views Bangladesh Logo

সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চায় কংগ্রেস: রাজনাথ সিং

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসের সমালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিযোগ, সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকার পরিবর্তন করতে চায় কংগ্রেস।

শুক্রবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, কংগ্রেসের এই আন্দোলন জ্ঞানেশ কুমার কিংবা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বিরোধী নয়। বরং সরকার উৎখাতের লক্ষ্যে গণতন্ত্রের বিরুদ্ধেই এই প্রতিবাদ।

রাজনাথ সিং অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে কংগ্রেস নির্বাচন কমিশনকে নিজেদের ‘হাতের পুতুল’ বানিয়ে রেখেছিল। তিনি বলেন, ১৯৯৩ সালে কংগ্রেস রাতারাতি নির্বাচন কমিশনে পরিবর্তন এনেছিল। সে সময়কার প্রধান নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনার নবীন চাওলাকে অপসারণের সুপারিশ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কংগ্রেস নবীন চাওলাকে প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ১৯৯৩ সালের আগে দেশে ভোটার পরিচয়পত্র ছিল না এবং ভোটারদের পরিচয় প্রমাণের কার্যকর ব্যবস্থা ছিল না। তাঁর ভাষ্য, ভোটার পরিচয়পত্র চালু হওয়ার পর থেকে কংগ্রেস আর এককভাবে সরকার গঠন করতে পারেনি।

রাজনাথ সিংয়ের দাবি, এসআইআর এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভের মূল উদ্দেশ্য ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানো নয়; বরং স্বাধীনভাবে কাজ করা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা।

লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর উদ্দেশে রাজনাথ বলেন, গণতন্ত্র কাউকে সহিংসতার আশ্রয় নেওয়ার অধিকার দেয় না। তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘বিশৃঙ্খলার রাজনীতি’ করার অভিযোগও তোলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ