ট্রাম্পের ইরান মিশনের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাবে ভোট চলবে কংগ্রেসে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান মিশনের সামরিক ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বি-পক্ষীয় প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি ছয়জন মধ্যপন্থী হাউস ডেমোক্র্যাট তাদের নিজস্ব ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ প্রস্তাব করেছেন।
নতুন প্রস্তাবিত রেজোলিউশন অনুযায়ী, কংগ্রেস অনুমোদন বা যুদ্ধ ঘোষণা না দিলে ৩০ দিনের মধ্যে ইরানে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, টমাস ম্যাসি এবং রো খান্না প্রস্তাবিত রেজোলিউশন তাৎক্ষণিকভাবে ইরান থেকে সেনা প্রত্যাহারের দাবি করছে।
নতুন প্রস্তাবের সহ-প্রস্তাবক ছয়জন ডেমোক্র্যাট হলেন- জশ গটহেইমার (নিউ জার্সি), গ্রেগ ল্যান্ডসম্যান (ওহাইও), হেনরি কুয়েলার (টেক্সাস), জ্যারেড গোল্ডেন (মেইন), জিম কোস্টা এবং জিমি প্যানেট্টা (ক্যালিফোর্নিয়া)।
প্রতিবেদন অনুযায়ী, ম্যসি-খান্না রেজোলিউশনের আইন হওয়ার সম্ভাবনা কম, যদিও হাউজের মধ্য দিয়ে এটি পাস হতে পারে। তবু ডেমোক্র্যাটদের ওপর চাপ রয়েছে যেন তারা দ্বি-পক্ষীয় প্রস্তাবে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানায় এবং ট্রাম্প প্রশাসনের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনও আমাদের দলের সদস্যদের প্রস্তাবিত নতুন রেজোলিউশন দেখিনি। আমাদের ফোকাস এই সপ্তাহের জন্য ফ্লোরে থাকা রেজোলিউশনের ওপর।’
তিনি আরও জানান, ডেমোক্র্যাটরা মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইরানের পরিস্থিতি নিয়ে হাউস ব্রিফিংয়ের পর বুধবার বিকেলে বিষয়টি নিয়ে আলোচনা করবে। জেফরিস আশা প্রকাশ করেছেন, ওয়ার পাওয়ারস রেজোলিউশনকে সমর্থন জানাতে ডেমোক্র্যাটদের মধ্যে দৃঢ় ঐক্য দেখা যাবে।
একই সময়ে প্রবলেম সলভার্স কাউকাসের দ্বি-পক্ষীয় সদস্যরা বলেছেন, ম্যাসি-খান্না
প্রস্তাবটি অনেকাংশে বিস্তৃত এবং প্রশাসনকে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে