নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, শেষ ষোলোর আগে ভাবনায় আনচেলত্তি
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের কথাই শোনালেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচটির গুরুত্বের কথা মাথায় রেখে কিছুটা চিন্তায়ও আছেন তিনি। যদিও এই চিন্তাকে উদ্বেগ বলে মানতে নারাজ ডন কার্লো।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগে একটি পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের—নরওয়ের বিপক্ষে আজ পর্যন্ত কোনো জয় নেই তাদের। এবারও সেই পরিসংখ্যান না বদলাতে পারলে এখানেই থেমে যাবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানিয়ে আনচেলত্তি বলেন, ‘অবশ্যই আমি চিন্তিত, কিন্তু উদ্বিগ্ন নই। কী হতে পারে, সেটা আগেভাগে ভাবার জন্য চিন্তিত থাকা স্বাভাবিক। তবে আমার আত্মবিশ্বাস আছে। আমরা উন্নতি করছি এবং আশা করি আগামীকালও আরও উন্নতি করব।’
বিশ্বকাপে এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের চোখে, প্রথম ম্যাচের পর থেকে ধারাবাহিক উন্নতির পথে আছে ব্রাজিল, ‘আমার মনে হয়, বল দখলে রেখে খেলার মান অনেক উন্নত হয়েছে। প্রথম ম্যাচে আমরা বল নিয়ে অনেক ভুল করেছি। এখন আমরা বল ব্যবহারে আরও নির্ভুল। ভুল পাস কম হয়েছে, সফল আক্রমণের সংখ্যাও বেড়েছে।’
নরওয়ে ম্যাচে লুকাস পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল। তার জায়গায় কে খেলবেন, তা ঠিক করে ফেললেও এখনই নামটি জানাতে চান না আনচেলত্তি, ‘পাকেতার মতো খেলোয়াড় আমাদের নেই। দানিলো ভিন্ন ধরনের, মার্তিনেল্লি একজন উইঙ্গার। তাই এখনো ভাবার সময় আছে। যদিও সবাই যেমন বলে, আমি বিষয়টা ভেবে ফেলেছি, সমাধানও করে ফেলেছি। এমন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস।’
ফেবারিটদের বিপক্ষে প্রতিপক্ষের চমক দেখানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের উদাহরণ টানেন আনচেলত্তি, ‘কে ভেবেছিল, আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে? কেউই না। আধুনিক ফুটবল এমনই। এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, বরং কেপ ভার্দে, তাদের খেলোয়াড় ও কোচকে অভিনন্দন জানানো উচিত। তারা দারুণ একটি ম্যাচ খেলেছে।’
মতামত দিন