Views Bangladesh Logo

মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধেই অভিযোগের পাহাড়, অ্যাকশনে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আচরণ নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনে জমা পড়া অভিযোগের একটি বড় অংশই এখন খোদ নিজেদের কর্মকর্তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) ও ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত কমিশনে জমা পড়া ৩৪৪টি অভিযোগের মধ্যে ১৪৩টিই এসেছে মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে।

ইসির তথ্যানুযায়ী, কর্মকর্তাদের বিরুদ্ধে আসা ১৪৩টি অভিযোগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য অনিয়ম নিয়ে আরও ২০১টি অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ, মোট অভিযোগের প্রায় অর্ধেকই কর্মকর্তাদের নিরপেক্ষতা বা দায়িত্ব পালন সংক্রান্ত।

নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা থেকে জরিমানা আদায় হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির বিচারে আরও ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। হাতে সময় এক সপ্তাহেরও কম থাকায় মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করেছে কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ