হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেশমের গভর্নর এ হামলার জন্য ‘সন্ত্রাসী শত্রু’কে দায়ী করেছেন। নিহত ব্যক্তি জাহাজটির ১০ সদস্যের ক্রুর একজন। তবে জাহাজটিতে কী ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।
অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ আরোহীদের সরিয়ে নেয়।
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে কেশম দ্বীপটি গুরুত্বপূর্ণ। দ্বীপটি ইরানের বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত।
হামলার কয়েক ঘণ্টা আগেও কঠোর অবস্থানের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।
মতামত দিন