গ্রুপ-কে
ল্যাটিন ঐতিহ্যের আক্রমণাত্বক ফুটবলে কলম্বিয়া যেতে পারে বহুদূর
দক্ষিণ আমেরিকার ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার পর যে দলগুলো ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে, তাদের মধ্যে অন্যতম কলম্বিয়া। গত এক দশকে দলটি গতি, টেকনিক ও আক্রমণভিত্তিক ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছে। প্রতিভাবান ফুটবলার তৈরিতে বরাবরই সমৃদ্ধ কলম্বিয়া এবারও ফিফা বিশ্বকাপ-২০২৬-এ বড় কিছু করার স্বপ্ন দেখছে। অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে গড়া বর্তমান দলটি আত্মবিশ্বাসী এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও লড়াই করার সামর্থ্য রাখে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে কলম্বিয়া ১৪তম স্থানে আছে।
বিশ্বকাপে অতীত রেকর্ড ও অংশগ্রহণ
কলম্বিয়া এখন পর্যন্ত একাধিকবার ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে এবং দক্ষিণ আমেরিকার অন্যতম প্রতিযোগিতামূলক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ২০১৪ বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে, যা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। সেই আসরে হামেস রদ্রিগেজের দুর্দান্ত পারফরম্যান্স পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল। এছাড়া ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপেও তারা নকআউট পর্বে খেলেছে। আক্রমণাত্মক ফুটবল ও দারুণ টেকনিকের কারণে বিশ্বকাপে কলম্বিয়া বরাবরই সমীহ জাগানো দল।
শক্তিমত্তা
কলম্বিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দ্রুতগতির আক্রমণ এবং মাঝমাঠের সৃজনশীলতা। দলটির ফুটবলাররা একের বিপক্ষে এক পরিস্থিতিতে দক্ষ এবং উইং ব্যবহার করে দ্রুত আক্রমণ গড়ে তুলতে পারে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ সাজানোর ক্ষমতা তাদের অন্যতম বড় সম্পদ। এছাড়া দলটির খেলোয়াড়রা শারীরিকভাবেও বেশ শক্তিশালী। ফলে লাতিন আমেরিকান কৌশলী ফুটবলের সঙ্গে গতিময় ফুটবলের সমন্বয় দেখা যায়। রক্ষণভাগেও রয়েছে অভিজ্ঞতা, যা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে স্থিরতা দেয়।
দুর্বলতা
ধারাবাহিকতার অভাব এখনো কলম্বিয়ার বড় দুর্বলতা। কখনো কখনো দলটি সহজ ম্যাচেও অপ্রত্যাশিত ভুল করে বসে। রক্ষণভাগে মনোযোগ হারানোর প্রবণতা রয়েছে, বিশেষ করে দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতে গিয়ে। এছাড়া চাপের ম্যাচে গোল করার সুযোগ নষ্ট করার প্রবণতাও দেখা যায়। শক্তিশালী ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখাও তাদের জন্য কঠিন হতে পারে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়
দলের অন্যতম বড় তারকা লুইস দিয়াস, যিনি ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের হয়ে খেলেন। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা কলম্বিয়ার আক্রমণভাগের প্রধান অস্ত্র। মাঝমাঠে হামেস রদ্রিগেজ স্পেনের ক্লাব রায়ো ভায়েকানোর হয়ে খেলেন এবং এখনো দলের অভিজ্ঞ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রক্ষণভাগে দাভিনসন সানচেস তুরস্কের ক্লাব গালাতাসারায়ের হয়ে খেলেন। শারীরিক শক্তি ও আকাশে বল দখলে তিনি বেশ দক্ষ। এছাড়া গোলপোস্টে কামিলো ভার্গাস মেক্সিকোর ক্লাব আতলাসের হয়ে খেলে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিয়ে দলকে আত্মবিশ্বাস জোগান। আক্রমণভাগে জন দুরান ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলেন। তার শক্তিশালী শট ও দ্রুতগতির আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে। অন্যদিকে মাঝমাঠে রিচার্ড রিওস ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে খেলেন এবং বল নিয়ন্ত্রণ ও রক্ষণভাগকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রতিপক্ষ
ফিফা বিশ্বকাপ-২০২৬-এ গ্রুপ ‘কে’-তে কলম্বিয়ার প্রতিপক্ষ পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উজবেকিস্তান। এই গ্রুপে সবচেয়ে কঠিন লড়াই হবে পর্তুগালের বিপক্ষে, যেখানে ইউরোপিয়ান টেকনিক্যাল ফুটবলের বড় পরীক্ষা দিতে হবে। কঙ্গোর শক্তিশালী ও গতিময় ফুটবলও চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে তা উতরানোর সক্ষমতা কলম্বিয়ার আছে। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে কলম্বিয়া।
এবারের বিশ্বকাপে সম্ভাবনা
বর্তমান দলটির অভিজ্ঞতা, আক্রমণভাগের ধার এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কলম্বিয়াকে এবারের বিশ্বকাপে সম্ভাবনাময় দল হিসেবে দাঁড় করিয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠাই তাদের প্রথম লক্ষ্য। তবে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে কোয়ার্টার ফাইনাল কিংবা তারও বেশি দূর যাওয়ার সামর্থ্য রয়েছে দক্ষিণ আমেরিকার এই শক্তিশালী দলটির।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে