কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৩
কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮১ জন। খবর এপির।
সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের মাত্র দুই কিলোমিটার দূরে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ঘন বনাঞ্চলঘেরা এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজ উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন বড় হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের স্থানান্তরে বিশেষভাবে প্রস্তুত দুটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে পাওয়া এই চার ইঞ্জিনবিশিষ্ট হারকিউলিস বিমানটি কেন উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে