Views Bangladesh Logo

গোলশূন্য ড্রয়ে পর্তুগালকে টপকে গ্রুপসেরা কলম্বিয়া

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গোল না হলেও উত্তেজনার কমতি ছিল না। পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। শনিবার অনুষ্ঠিত ম্যাচের আগে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছিল। তাই এই লড়াইয়ের মূল লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ।

গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ঘানা, যারা শনিবার ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে। অন্যদিকে রানার্সআপ পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ম্যাচে কোনো গোল না হলেও দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ছয়টি সেভ করেন, যা তাদের আগের দুই ম্যাচের মোট সেভের চেয়েও বেশি।

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী পর্তুগাল গ্রুপ পর্বে মিশ্র পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি ইতিহাস গড়েন। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ মহাতারকা।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় নকআউট পর্বে পর্তুগাল ব্র্যাকেটের সেই অংশে পড়েছে, যেখানে আর্জেন্টিনা নেই। ফলে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম্ভাব্য লড়াই এখন কেবল ফাইনালেই হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি দুই কিংবদন্তিরই শেষ বিশ্বকাপ।

অন্যদিকে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া এবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে।

এদিন কলম্বিয়ার হয়ে নিজের ১১তম বিশ্বকাপ ম্যাচ খেলেন জেমস রদ্রিগেজ। এর মাধ্যমে তিনি ফ্রেডি রিঙ্কন ও কার্লোস ভালদেরামার (১০ ম্যাচ) রেকর্ড ভেঙে বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়েন।

ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের মায়ামি ডলফিনসের হোম ভেন্যুতে। ৬৪ হাজার ৪৭৮ দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক তারকা কার্লোস ভালদেরামা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এনবিএ তারকা জিমি বাটলার, হলিউড অভিনেতা ম্যাট ডেমনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।

টিকিট না পাওয়া সমর্থকদের জন্য দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখার বিশেষ আয়োজনও করা হয়, যেখানে হাজারো ফুটবলপ্রেমী একসঙ্গে কলম্বিয়া-পর্তুগাল লড়াই উপভোগ করেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ