কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮১, নিখোঁজ ২০০
কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন অন্তত ১,৩১০ জন। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির রাজধানী শহরগুলোর সংগঠন ‘অ্যাসোক্যাপিটালেস’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভূমিকম্পের প্রভাবে দেশটির বিভিন্ন শহরের অন্তত ১৫৩টি ভবন ধসে পড়েছে এবং নিরাপত্তার স্বার্থে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম এখনও বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় কুইবদো, পেরেইরা, মানিজালেস, বোগোতা, মেডেলিন, ব্যারানকিলা, কালি ও ইবাগুয়ে শহরে ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে।
অ্যাসোক্যাপিটালেসের নির্বাহী পরিচালক আন্দ্রেস সান্তামারিয়া জানান, ক্ষতিগ্রস্ত শহরগুলোর মেয়ররা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি পরিস্থিতি মোকাবেলা করছেন।
নিখোঁজদের সনাক্তকরণে দ্রুতই একটি সমন্বিত প্ল্যাটফর্ম চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ায় প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। মঙ্গলবার পেরেইরা থেকে এক বিবৃতিতে তিনি জানান, এখনও অন্তত ২০০ জন নিখোঁজ রয়েছেন। প্রাথমিক মূল্যায়নে ১,১০০টিরও বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ৮,০০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবারের মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৭০টিরও বেশি আফটারশক (পরবর্তী ভূকম্পন) রেকর্ড করা হয়েছে।
এদিকে অ্যাসোক্যাপিটালেস জানিয়েছে, ঘন ঘন আফটারশকের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হলেও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন অঞ্চলের উদ্ধারকারী দল।
সূত্র: সিনহুয়া
মতামত দিন