পূজা উপলক্ষে টানা ১৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় সরকারি ও বেসরকারি কলেজে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে সরকারি ও বেসরকারি কলেজে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ থাকবে। এর মধ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে-পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় টানা ১৬ দিন কলেজ বন্ধ থাকবে।
অক্টোবরের অন্যান্য সাপ্তাহিক ছুটিও হিসাবের মধ্যে রয়েছে। সব মিলিয়ে মাসটিতে সরকারি ও বেসরকারি কলেজে মাত্র ১০ দিন পাঠদান কার্যক্রম চলবে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় বিদ্যালয়গুলোতে টানা ১০ দিনের অবকাশ মিলবে। অক্টোবর মাসে মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৫ দিন পাঠদান হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১০ দিনের ছুটি পাবেন।
এদিকে সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি হবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে মোট ১০ দিনের অবকাশ পাওয়া যাবে।
তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডারের ওপর। সিন্ডিকেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজার ছুটির সময় নির্ধারিত হবে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদে পার্থক্য থাকতে পারে।
মতামত দিন