Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। পরবর্তীতে তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান বলে নিশ্চিত করেছে পুলিশ।

খবর পেয়ে রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে ডিসি ইবনে মিজান সাংবাদিকদের বলেন, “ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।”

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে সংযোগ সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকায় তারা বিকল্প পথ বেছে নিয়েছিল।

এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে তাতে কোনো স্প্লিন্টার বা অন্য কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি পটকার মতো ছিল বলে উল্লেখ করেন ডিএমপির তেজগাঁও বিভাগের এই উপকমিশনার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ