মালিবাগের পর আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক এসব বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর কয়েক দিন আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মতামত দিন