Views Bangladesh Logo

‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’: শিক্ষামন্ত্রীর পদত্যাগে সিজেপির প্রতিক্রিয়া

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান। এক্স-এ শেয়ার করা পদত্যাগপত্রে তিনি জানান, গত দশ দিনের ঘটনাপ্রবাহে তিনি ‘মর্মাহত’ এবং দেশের ঐক্যের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শুরু থেকেই আমি এর দায়িত্ব নিয়েছি এবং কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমার সংকল্প ছিল, পরীক্ষা মাফিয়ার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, কোনো শিক্ষার্থীর প্রতি যেন অবিচার না হয়।’

পদত্যাগের দিনও রাজধানী দিল্লির যন্তরমন্তরের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষ বাধে; পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ চালালে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পুলিশি সহিংসতার শিকারদের প্রতি সংহতি জানিয়ে রোববার মোমবাতি মিছিলের ডাক দিয়েছে সিজেপি।

গত কয়েক দিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে (এনইইটি-ইউজি) প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলন চলছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সিজেপি নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। যেটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের প্রেক্ষাপটে চলতি বছরের মে মাসে আন্দোলনটির জন্ম হয়; সেই মন্তব্যে তিনি বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে যন্তরমন্তরে বিক্ষোভ করে আসছিলেন। গত ২০ জুলাই পুলিশি ধরপাকড়ের পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে; সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ, যাতে দেড় শতাধিক মানুষ আহত হন। এদিকে নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিহারের অন্তত তিনটি জেলায়ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে; বিক্ষোভে অংশ নেওয়ার সময় জেডিজে প্রধান ও লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে আটক করে পুলিশ।

পদত্যাগের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রধানের পদত্যাগ ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য হবে না।’

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী মোদি তাঁর একটি ভিডিও বার্তার প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান, যেখানে তিনি প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দিতে নতুন আইন আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ