Views Bangladesh Logo

দিল্লিতে ককরোচ পার্টি ও পুলিশের মধ্যে সংঘর্ষ: ১১৮ পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৭০

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশ সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিজেপি সমর্থকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সোমবার (২০ জুলাই) দিনভর এই সংঘর্ষ চলাকালীন পুলিশের ওপর হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংস আচরণ এবং সরকারি গাড়ি ও সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে ঘটনাস্থল থেকে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল দিল্লি পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভারতের শীর্ষস্থানীয় আইটি বিশ্ববিদ্যালয় 'ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি'র (এনআইআইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে নামে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক এই সংগঠনটি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার যন্তর মন্তর থেকে ভারতীয় পার্লামেন্ট অভিমুখে 'সংসদ চলো' পদযাত্রার পরিকল্পনা ছিল সিজেপির। তবে সকালে পদযাত্রা শুরু হতেই পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। ছত্রভঙ্গ হওয়ার অল্প সময়ের মধ্যেই সিজেপি সমর্থকেরা পুনর্গঠিত হয়ে পুনরায় যন্তর মন্তরে জমায়েত হন এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাতে বাধা দিলে দুইপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

৭০ জনকে গ্রেপ্তারের বিষয়ে দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোঁড়ে, বারবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, সরকারি গাড়ি ভাঙচুর করে এবং ব্যাপক সহিংসতা উসকে দেয়, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষে আহত ১১৮ জন পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একাধিক নারী পুলিশ সদস্য।

লাঠিচার্জের ফলে সিজেপি সমর্থকরাও আহত হয়েছেন বলে স্বীকার করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, সোমবারে এ ঘটনায় তাদের অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ