অসুস্থতার কথা জানালেন ককরোচ পার্টির অভিজিৎ
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। তবে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি তীব্র জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ সেবন করছেন।
পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।’
অভিজিৎ দীপকে এবং তার সমর্থকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন।
এর আগে বুধবার রাতে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের থামাতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।
তবে এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নৃশংসতার অভিযোগ তোলেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণেরও তীব্র সমালোচনা করেন তিনি।
মতামত দিন