Views Bangladesh Logo

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে শনিবার তৃতীয় দফার বৈঠক শেষে এই ঘোষণা আসে।

সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সিজেপির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সংবাদ সম্মেলনে সৌরভ দাস জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া সব মামলা (এফআইআর) প্রত্যাহারের বিষয়ে সরকার তাদের নিশ্চয়তা দিয়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সঙ্গে তিন দফা আলোচনার মধ্য দিয়ে যন্তরমন্তরে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের তিনটি মূল দাবির মীমাংসা হয়েছে। এই দাবিগুলো ছিল—প্রথমত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন মামলা না দেওয়া; এবং তৃতীয়ত, নিট পরীক্ষা-সংক্রান্ত জটিলতায় যারা প্রিয়জন হারিয়েছেন, সেসব পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান। তিনি জানান, কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় তাদের প্রথম দাবিটি পূরণ হয়েছে।

সিজেপি প্রতিনিধি দল আরও জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে তাদের আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম শেষে সরকারের আশ্বাসের ভিত্তিতে যন্তরমন্তর থেকে আন্দোলন প্রত্যাহারের মধ্য দিয়ে এই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ