কারওয়ানবাজারে বাসচাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বাসের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন অটোরিকশার যাত্রী এবং একজন দোকান কর্মচারী।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তেজগাঁও মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মামুন ফরায়েজী (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন ফরায়েজী রাস্তার পাশে তার সিএনজিচালিত অটোরিকশাটি দাঁড় করিয়ে চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় পাশের একটি মোটর পার্টসের দোকানের এক কর্মচারী তাকে সাহায্য করছিলেন। তখন লাব্বাইক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় অটোরিকশাচালক মামুন ও ওই দোকান কর্মচারী বাসের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুপুর ১টা ১০ মিনিটের দিকে মামুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশার ভেতরে থাকা দুই নারী যাত্রীও আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে বলে নিশ্চিত করেছে তেজগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে