রাজধানী পরিষ্কার রাখতে দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক
রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে এখন থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দিন ও রাত দুই শিফটে কাজ করবেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১২ জুন) এক সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২৬টি ওয়ার্ডে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ির বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রচলিত ভ্যানসেবাগুলোকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান সড়কগুলো থেকে দ্রুত বর্জ্য অপসারণের জন্য কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও মোবাইল টিম গঠন করা হয়েছে।
তিনি জানান, কোথাও যাতে বর্জ্য জমে না থাকে, সে জন্য নিয়মিত তদারকির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা যানবাহনের শতভাগ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক কম্প্যাক্টর, হুক-লিফট ট্রাকসহ নতুন বর্জ্য ব্যবস্থাপনা যানবাহন যুক্ত হলে বর্জ্য অপসারণ ব্যবস্থা আরও দ্রুত, আধুনিক ও কার্যকর হবে।
বর্জ্য পৃথকীকরণ ও সুষ্ঠু সংগ্রহ ব্যবস্থাকে উৎসাহিত করতে ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ৫০০টি প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৫০টি সবুজ ও ২৫০টি হলুদ রঙের। এছাড়া বিতরণ করা হয়েছে ৫০ হাজার পলিব্যাগ।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আধুনিক ওয়েস্ট-টু-এনার্জি ব্যবস্থা চালু করা হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র বর্জ্য না ফেলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

মতামত দিন