Views Bangladesh Logo

একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারছেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থীকে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

যেভাবে ফল জানবেন
ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। পরবর্তী ধাপে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও জানা যাবে।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট **৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন** শিক্ষার্থী আবেদন করেছেন।

ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি ৬.০ অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

সংশ্লিষ্ট অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ