একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রাত ৮টায়
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রাথমিক ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। পরবর্তীতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল ভর্তি কার্যক্রম আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কোনো পরীক্ষা ছাড়াই মেধাক্রম অনুযায়ী এ বছর ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সারাদেশে কলেজ ও মাদ্রাসায় প্রায় ২৫ লাখ আসন থাকলেও আবেদন জমা পড়েছে প্রায় ১০ লাখ। আসন খালি থাকলেও নামিদামি প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত হওয়ায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী পছন্দের কলেজে সুযোগ পাবেন না।
যেভাবে ফল দেখা যাবে:
অনলাইনে ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করে ‘View Result’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নম্বর এবং নিরাপত্তা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই নির্বাচিত কলেজের নাম স্ক্রিনে দেখা যাবে।
মতামত দিন