বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ের পর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ৪
ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর লন্ডনে মরক্কোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্কাই নিউজের বরাত দিয়ে জানা গেছে, ম্যাচ শেষ হওয়ার পরপরই উত্তর-পশ্চিম লন্ডনের এজওয়্যার রোড এলাকায় বিপুলসংখ্যক মরক্কো সমর্থক জড়ো হন। তাদের কেউ কেউ গাড়ির ওপর উঠে পড়েন, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালান এবং সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করে মেট্রোপলিটন পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে সড়কে জটলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরক্কোর সমর্থকরা বোতল ছোড়া ও আতশবাজি ফোটানো শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে একজন কর্মকর্তা কাচের বোতলের আঘাতে মাথায় জখম হন। পরবর্তীতে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, রাত ১টার দিকে সমর্থকরা সরে গেলে সড়কটি ফের খুলে দেওয়া হয়।
এদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ এই কোয়ার্টার ফাইনালকে ঘিরে আগে থেকেই সারা দেশে ২০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছিল ফ্রান্স সরকার, যার মধ্যে প্যারিসেই ছিল আট হাজার। তবে ম্যাচ শেষে প্যারিসে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আর এই হারের মধ্য দিয়ে মরক্কোর আরেকটি স্মরণীয় বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটল।
মতামত দিন