Views Bangladesh Logo

ঝাড়খন্ডে পুলিশের সঙ্গে এবিভিপির সদস্যদের ধস্তাধস্তি, আটক ১০

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ঝাড়খন্ড। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যদের চরম ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবারের (৭ আগস্ট) এ ঘটনায় ৮ থেকে ১০ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের চলমান আন্দোলন শনিবার (৮ আগস্ট) ১৫তম দিনে গড়িয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা ব্যর্থ হওয়ায় তীব্র অচলাবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। তাদের এই ন্যায়সঙ্গত দাবির সমর্থনে এবিভিপির ঝাড়খণ্ড ইউনিট ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে সিধো কানহো পার্কের কাছে পৌঁছালে পুলিশ কাঁটাতার ও ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। এ সময় আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ এবং বিতর্কিত ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এবিভিপির সদস্যরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই এবিভিপির ছাত্রনেতা প্রদীপ শেখাওয়াত, পশুপতিনাথ উপমন্যু ও প্রকাশ টুডিসহ ৮-১০ জনকে আটক করে।

আটক হওয়ার পর এবিভিপির রাজ্য সম্পাদক প্রকাশ টুটি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে রয়েছি। তাঁদের বৈধ দাবির সমর্থনে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে গিয়েছিলাম। মিছিলের মাধ্যমে আমরা তাদের কণ্ঠস্বর তুলে ধরেছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের অনেক প্রশ্ন আছে, মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতেই হবে।’

এ ঘটনার পর এবিভিপির পক্ষ থেকে আন্দোলনের তীব্রতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী ১১ আগস্ট রাজ্য বিধানসভা অভিমুখে মহাসমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। উক্ত কর্মসূচিতে রাজ্যের সর্বস্তরের শিক্ষার্থী, নারী ও যুবসমাজকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনসহ লালপুর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ