জবিতে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দ্য ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিসহ অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ইসলামিক স্টাডিজ বিভাগ ৩-০ গোলে জয় লাভ করে। খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব মাদবর এবং আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি লিমন ইসলামসহ দুই বিভাগের ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। আহত সবাইকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্যান্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রায় ২০ জন আহত হয়েছেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে