মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তাদের একটি দল নিজ নিজ ব্যানার নিয়ে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয়। এতে সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখেন। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তারা সেখান থেকে সরে গিয়ে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে গিয়ে তাঁদের কর্মসূচি পালন করেন।
সংঘর্ষের বিষয়ে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় ফোরামের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”
ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব পুরোপুরি বন্ধ করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সুশাসন ফেরানোর দাবিতে এ কর্মসূচির ডাক দেয় সচেতন গ্রাহক ফোরাম। অপরদিকে ব্যাংক অধিগ্রহণের পর নথিপত্র ও সনদ যাচাইয়ের নামে বেআইনিভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে পুনর্বাহালের দাবিতে অবস্থান নেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। দুই পক্ষই রবিবার এ কর্মসূচির ঘোষণা দেন।
মতামত দিন