পটুয়াখালী-৩ আসনে নুর–মামুন সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গলাচিপা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক এবং নুরুল হক নুরের সমর্থকেরা পৃথক মিছিল বের করেন। দুটি মিছিল চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মাহাবুল (২৪), মারুফ (২১), অজিত (২৪), ওয়াজিব (২৪), অলিউল ইসলাম টিটু (২৮), বায়েজিদ (২৪)সহ মোট ১০ জন আহত হন। আহতদের মধ্যে ঘোড়া প্রতীকের সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও সাদকে (২২) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মাহাবুলকে (২৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আবু নাঈম দাবি করেন, ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ট্রাক প্রতীকের সমর্থকদের লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেন এবং মারধর শুরু করেন। এতে তাদের কয়েকজন সমর্থক আহত হন।
অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে বাড়ি ফেরার পথে ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে তাদের কয়েকজন সমর্থক আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে