Views Bangladesh Logo

দোকানের মালিকানা নিয়ে জাবি দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল উদ্বোধন হয় ২০১৭ সালে। এরপর ওই এলাকায় তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা হল প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে অন্তত ১৫টি দোকান বরাদ্দ দেন। তখন অভিযোগ ওঠে, প্রতি দোকান বরাদ্দের জন্য তাঁরা এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নিয়েছিলেন।

২০২৪ সালে ওই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল উদ্বোধন করা হয়। এই হলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের মালিকানায় আগে থেকে বরাদ্দ দেওয়া কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানের মধ্যে চারটির মালিকানা দাবি করে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা।

এ নিয়ে কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সোমবার সংঘর্ষে জড়ান তাঁরা।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা তাঁদের হলের সামনের চারটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। এ সময় কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী সেখানে এলে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান বিকেল পৌনে পাঁচটার দিকে জানান, এ পর্যন্ত ৯ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ